‘মশা-মাছি দূরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি’ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে জাতীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি টেলিকনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনব্যাপী নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে পর্যায়ক্রমে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। পাহাড়ের মানুষের শিক্ষার উন্নয়নে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেন, পাহাড়ের দীর্ঘ দিনের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব পার্বত্য চট্টগ্রামে এখনো আছে। ম্যালেরিয়া কমপ্লেক্স বান্দরবান জেলায় নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নবনির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান জানান, সদর উপজেলার কর্নকাঠীতে ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে শিক্ষাকার্যক্রমও উদ্বোধন করবেন তিনি।
