মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছেন, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদেশি ব্যক্তি ও সংগঠনকে দেয়া সম্মাননা ক্রেস্ট তৈরির বিষয়টি মন্ত্রি পরিষদ বিভাগের কাজ ছিল না। তিনি বলেন, প্রত্যেকটি কাজের একটি বিভাজন থাকে। তাদের কাজ ছিল সাইটেশন ও দাওয়াত কার্ড তৈরি করা এবং আসন বিন্যাস করা। কিছু কাজ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই কে, কী করেছে সেটা আমার বলার বিষয় নয়।
সম্প্রতি সহযোগী একটি দৈনিকে ক্রেস্টে ভেজাল থাকা বিষয়ক প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন। তিনি গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ আইন-২০১৪’র খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, ১৯৮৫ সালে সামরিক শাসনের সময় এই আইনটি জারি করা হয়েছিল। তবে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে আইনটি বাংলা ভাষায় অনুবাদ করে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। তিনি আরো বলেন, জনপ্রশাসনে শূন্য পদের চেয়ে উদ্বৃত্ত কর্মী বেশি হয় না। তাই উদ্বৃত্ত কর্মী আত্মীকরণে সমস্যা হবে না। তবে আত্মীকরণের পদের জন্য কর্মী হিসেবে যোগ্য কিনা তা দেখতে হবে। যোগ্যতা বিবেচনায় নিয়ে আগের স্কেলের পদে আত্মীকরণ হয়। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ই উদ্বৃত্ত কর্মী আত্মীকরণের কাজ করবে। তবে জনপ্রশাসন অন্য কোন সংস্থাকে এ দায়িত্ব দিতে পারে।
বৈঠকে গত ৪ মার্চ মিয়ানমারে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া গত ১৯-২০ ফেব্রুয়ারি রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের ৩৭তম সভায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
খালেদা জিয়ার বাড়িভাড়ার অর্থ ছাড় দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এদিকে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘খালেদা জিয়া অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা খতিয়ে দেখে সেই পরিমাণ অর্থ ছাড় দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিষয়টি সামনে এনে খালেদা জিয়া দেশের মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র করছেন কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যাংক হিসাবগুলো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দীর্ঘ সাত বছর জব্দ থাকায় তার সংসারে এখন টানাপড়েন চলছে। মাত্র ৫০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলনের যে অনুমতি রয়েছে, তা দিয়ে সংসার চালাতে পারছেন না তিনি।
