মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশের প্রকৃত সম্পদ হলো এদেশের মানুষ। যারা অনেক শক্তিশালী, উদ্যমী, উদার, সৃষ্টিশীল এবং সহনশীল। আমার মতে, এরাই পৃথিবীর সেরা মানুষ। এই মানুষগুলো একত্রে কাজ করলে বাংলাদেশ শীঘ্রই এশিয়ার পরবর্তী শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হবে এবং সোনার বাংলা গড়ে উঠবে।
তিনি গতকাল সোমবার বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত ৮ম জাতীয় প্রতিবন্ধী সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন। বেসরকারি ও দাতা সংস্থাদের উদ্যোগে বগুড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মজীনা বলেন, শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হবে। যেখানে প্রত্যেক পরিবারই একটি ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারবে। বগুড়া জেলা স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি সালমা নূরের সভাপতিত্বে সম্মেলনের আরো বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক।
রংপুরে নারী ও উন্নয়ন মেলায় বিশেষ অতিথি হবেন মজীনা
রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে ৩ দিনব্যাপী নারী ও উন্নয়ন মেলা ২০১৪ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ওই মেলায় দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার ৭০টি স্টল বসবে। মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ইউএসএআইডি বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা।
