ধর্মঘটে অচল রাবি ক্যাম্পাস

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:১৫
ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ-পরীক্ষা বন্ধ ছিল। চলেনি কোন বাস। ফলে কার্যত অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন। বক্তারা শিবির সভাপতি গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সচলাবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান। এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুস্তম আলী আকন্দকে হত্যার ঘটনায় গতকাল শোকর্যালি ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আনসার উদ্দিন প্রমুখ। তারা রুস্তম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।