বিপুল উত্সাহে শুরু হয়েছে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল সোমবার দুটি রাজ্যের মাত্র ৬টি আসন দিয়ে এই ‘মহাযুদ্ধ’ শুরু হয়। ভোটাররা রীতিমতো উত্সব মুখর পরিবেশে ভোট দিতে যান। উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম এবং ত্রিপুরায় ভোটগ্রহণের মধ্য দিয়ে নয় পর্বের ভোট উত্সবের প্রথম পর্ব পার হলো। উভয় রাজ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসামে ভোট পড়েছে ৭২ শতাংশ এবং ত্রিপুরাতে ভোট পড়ে ৮০ শতাংশ।
আসামের ৫টি আসনে এবং ত্রিপুরার ১ টি আসনে যথাক্রমে সকাল ৭টা ৩০ মিনিট ও ৭ টা ৪৫ মিনিটে ভোটগ্রহন শুরু হয়। উভয় রাজ্যেই কড়া নিরাপত্তা ব্যবন্থা নেয়া হয়েছে। আগামী ৩৬ দিনে মোট ৯ দফায় সারা দেশের প্রায় ৮১ কোটি ৪০ লাখ ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। আসামের ১৪টি কেন্দ্রের মধ্যে ছ’টি এবং ত্রিপুরার দু’টি লোকসভা কেন্দ্রের একটি দিয়েই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্বাচনী প্রক্রিয়ার কাজ এ দিন শুরু হল।
তেজপুর, কালিয়াবর, জোরহাট, ডিব্রুগড়, লখিমপুর -আসামের এই পাঁচটি কেন্দ্রে এ দিন ভোট নেয়া হয়। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এআইইউডিএফ, অগপ, আপ, এসইউসিআই, সিপিএম, এআইএফবি এবং সপা এই আসনগুলিতে তাদের প্রার্থী দিয়েছে। রাজ্য জুড়ে প্রায় সাড়ে ৬৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৩১ লাখ। সিপিআই (এম) প্রভাবিত ত্রিপুরাতে এবার সম্মুখ সমরে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি আছে। ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনটি এখন বামেদের দখলে। ১৯৫২ থেকে গত ২০০৯-এর লোকসভা নির্বাচন পর্যন্ত মোট ১৫ বার ভোট হয়েছে এই আসনটিতে। এর মধ্যে ১০ বারই কেন্দ্রটিতে সিপিএম জয় পেয়েছে। এখানে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ। পরের ধাপে আগামীকাল বুধবার পাঁচটি রাজ্যের নয়টি আসনে ভোট হবে।
