বর্তমান সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সফররত বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, এই সরকারের কাছে এখন ন্যায়বিচার প্রত্যাশা করা যায় না। তিনি বলেন, দেশের স্বাধীনতার ঘোষক কে তার রায় দেবে বাংলাদেশের জনগণ। কিন্তু আমরা দেখলাম সেই রায় দিচ্ছে আদালত। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য আদালতকে ব্যবহার করছে।
স্থানীয় সময় রবিবার সকালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন বিএনপি’র এই মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর প্রত্যাশার কোনো জায়গা নেই। সরকারের দুঃশাসনের হাত থেকে গণতন্ত্র এবং দেশকে রক্ষা করতে হলে কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন।
বোস্টনের থিংট্যাঙ্ক সোসাল জাস্টিস ওয়াচ গ্রুপ আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার ও বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক এই সেমিনারে রিজভী আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির প্রফেসর খন্দকার করিমের সভাপতিত্বে এবং হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. খারুয়ল ওয়ারার পরিচালনায় সেমিনারে অতিথি বক্তা ছিলেন প্রফেসর মোহাম্মদ এনায়েত উল্যাহ।
বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে রিজভী বলেন, শেখ হাসিনার সরকার প্রশাসনকে নিজের আঙিনার ফুলের বাগানের মত সাজিয়েছেন। যাতে করে নির্বাহী আদেশে সব কাজ করা যায়। পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, নিরপেক্ষ প্রশাসন বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই।
