ভোট শুরুর দিন নির্বাচনী ইশতেহার দিল বিজেপি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২০
ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরুর দিন গতকাল সোমবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ইশতেহারে হিন্দুত্ববাদ, অর্থনীতি, সুশাসনের প্রতিশ্রুতি সবই আছে। আছে প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করা হবে তার বর্ণনাও। সাংবিধানিকভাবে রামমন্দির নির্মাণ, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত ’ গঠনের অঙ্গীকার উচ্চারণ করে গতকাল সোমবার দলটি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। রামমন্দিরের মতো ইস্যুকে একেবারে বাতিল না করে বলা হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই রামমন্দির প্রতিষ্ঠা করা হবে। বিজেপির এবারের নির্বাচনের মূল স্লোগান- ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’। ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম দিনে ইশতেহার প্রকাশে বিধি নিষেধ দিয়েছে বলে আসাম এবং ত্রিপুরায় এটা প্রকাশ করা যাবে না এবং সরাসরি টিভিতে দেখানো যাবে না। ইশেতেহারে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের এবং সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে মাইগ্রেশন বন্ধের কথা বলা হয় বিজেপির ইস্তেহারে। তবে প্রয়োজনে প্রতিবেশিদের সাথে কঠোর আচরণ করা হবে বলেও উল্লেখ করা হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন প্রবীণ বিজেপি নেতা মূরলী মনোহর জোশী। উপস্থিত ছিলেন রাজনাথ সিং, লালকৃষ্ণ আদভানি, নরেন্দ্র মোদীর মতো বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এতে আট দফা উন্নয়নের মডেল রাখা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিজেপি একটি নতুন পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন মূরলী মনোহর জোশী। যত তাড়াতাড়ি তা রূপায়ণ করা যায়, ততই দেশের পক্ষে মঙ্গল বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিজেপি সভাপতি রাজনাথ সিং মন্তব্য করেন, ‘ইউপিএ সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ। তারা যা যা বলেছিল, তার কিছুটা অংশও রূপায়িত হলে ভারত সুপার-পাওয়ারে পরিণত হত।’ ইশতেহারে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। গুরুত্ব দিয়ে বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গ্রামীণ শিক্ষা ও কর্মসংস্থানে জোর দেয়া হয়েছে। বুলেট ট্রেন চালাতে রেলে চতুর্ভুজ প্রকল্পের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। প্রতিটি রাজ্যে এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। কর কাঠামো সরলীকরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দুর্নীতিকে সমূলে উত্পাটন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়া ই-গভর্নেস এবং ট্যাক্স সিস্টেম সহজ করার কথা বলা হয়েছে।