নিখোঁজ বিমান নিয়ে আশাব্যঞ্জক খবর খুব শিগগিরই

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২১
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইন ঘোষণা দিয়েছেন, নিখোঁজ বিমান নিয়ে কয়েকদিনের মধ্যে একটি আশাব্যঞ্জক কোনো খবর জানানো হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, খবরটি কয়েক ঘন্টার মধ্যেও আসতে পারে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। বিমান অনুসন্ধানে নিয়োজিত চীনের একটি জাহাজ প্রথমে একটি সংকেত পাওয়ার পর অস্ট্রেলিয়ার জাহাজও সম্ভাব্য দুটি সংকেত পায় বলেন অনুসন্ধানে নিয়োজিত অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানানোর পর মালয়েশিয়া এই ঘোষণা দিল। ধারণা করা হচ্ছে, ওই সংকেতগুলো বিমানের ব্ল্যাক বক্সের। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপি’র। অস্ট্রেলিয়ার একটি জাহাজের রিসিভারে পরপর দুটি সংকেত ধরা পড়েছে। এই সংকেত দুটি নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের ফ্লাইট রেকর্ডারের সংকেত বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বিমান অনুসন্ধানে নেতৃত্ব দানকারী অস্ট্রেলিয়ার এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হিউস্টন বলেন, প্রতিরক্ষা জাহাজ ‘ওশ্যান শিল্ড’র রিসিভারে দু’টি সংকেত ধরা পড়েছে। এর মধ্যে একটি দুই ঘণ্টার বেশি সময় ধরে সক্রিয় ছিল। তিনি দাবি করেন, নিখোঁজ বিমান অনুসন্ধান কার্যক্রমে এখন পর্যন্ত এটি সবচেয়ে ‘উজ্জ্বল সম্ভাবনাময় অগ্রগতি’। তবে এখনও অনেক তথ্য প্রয়োজন। তিনি আরো বলেন, আসল কথা হল আমরা এখনও বিমানের সন্ধান পাইনি এবং আমাদের আরও তথ্য প্রয়োজন। অ্যাঙ্গাস হিউস্টন বলেন, ওশান শিল্ড’র লোকেটরের মাধ্যমে সংকেত দু’টি ধরা পড়েছে। এর মধ্যে প্রথমটি দুই ঘন্টা ২০ মিনিট ধরে বাজার পর হারিয়ে যায়। এরপর জাহাজটির রিসিভার এদিক-সেদিক ঘুরিয়ে আবার সংকেতটি পাওয়ার চেষ্টা করা হয়। এ সময় দ্বিতীয় বারের মত সংকেতটি পাওয়া যায় এবং এটি ১৩ মিনিট ধরে বেজেছিল। তিনি বলেন, ‘এক সপ্তাহ আগের চেয়ে আমি এখন অনেক বেশি আশাবাদী।’ দক্ষিণ ভারত মহাসাগরের যে স্থান থেকে ওশান শিল্ড জাহাজ সংকেত দুটি পেয়েছিল এখনও সেই স্থানে রয়েছে এবং আশেপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আর সংকেত পাওয়া যায়নি। হিউস্টন বলেন, সংকেত কোথা থেকে এসেছে তা আগে চিহ্নিত করতে হবে। তিনি আরো বলেন, পরবর্তী পদক্ষেপ নিতে সময় লাগবে। এর আগে শনিবার নিখোঁজ বিমান অনুসন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরে টহলরত চীনের একটি জাহাজের রিসিভারে রহস্যজনক একটি রেডিও সংকেত ধরা পড়ে বলে বেইজিং দাবি করেছে। টহল জাহাজ ‘হাইঝুন-১’ এর রিসিভারে সেকেন্ড প্রতি ৩৭.৫ কিলোহার্জ ফ্রিকোয়েন্সির এই সিগন্যাল ধরা পড়ে বলে শনিবার সন্ধ্যার দিকে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়। তবে, গভীর ভারত মহাসাগরের ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং ১০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ধরা পড়া এ সংকেত ঠিক কীসের এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া না হলেও ধারণা করা হয়, বিধ্বস্ত নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) রেডিও সংকেত এটি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। গত ৭ মার্চ শুক্রবার দিবাগত রাত স্থানীয় সময় ১২ টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ নিখোঁজ হয়।