আদালত অবমাননার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২০ এপ্রিল তাঁদেরকে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার স্বত:প্রণোদিত হয়ে এ আদেশ দেন। এছাড়া আদালত অবমাননার অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তলবকৃত অন্য দুজন হলেন বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি এম সালাম এবং মহাসচিব এজেডএম জাহিদ হোসেন।
‘সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী:গয়েশ্বর’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এসব পত্রিকায় গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেয়ার দাবিতে ড্যাব আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
