বাংলাদেশে শক্তিশালী ও স্থিতিশীল সরকার চায় চীন: রাষ্ট্রদূত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২২
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। চীন চায় বাংলাদেশে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার। বাংলাদেশ ও চীনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা শুধু ঐতিহাসিক নয়, এটা প্রাকৃতিকও। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তাই সংস্কৃতিগতভাবেই দীর্ঘস্থায়ী। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল সোমবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের লেখা ‘সমকালীন ভাবনা’ বইয়ের প্রকাশনা উত্সবে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি ফাউন্ডেশন।’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ বলেন, বিশ্বের বৃহত্ দুই পরাশক্তি বেষ্টিত বাংলাদেশ একদিকে অত্যন্ত শক্তিশালী সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে দুই পরাশক্তির কারণে রয়েছে অত্যন্ত বিপজ্জনক অবস্থানে। তাই কারো দিকে একতরফা ঝুঁকে পড়লে আমরাই আমাদের বিপদ ডেকে নিয়ে আসব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, কলামিস্ট সাদেক খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।