অ ন্য র ক ম

ফিলিপাইনের বিস্ময় বালক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:১৭
মাত্র এক বছর বয়সে অংকে হাতেখড়ি। তিন বছর বয়সে নেমেছেন শেয়ার ব্যবসায়! অবিশ্বাস্য হলেও সত্য। ফ্যারল উ নামের বালকটির জীবন এমনই বিস্ময়ে ভরা। ১৪ বছর বয়সি ফ্যারলের বাড়ি ফিলিপাইন। তিনি এখন হাইস্কুলের ছাত্র। ফিলিপাইনের নিউ লাইফ খ্রিস্টান একাডেমীতে অধ্যয়নরত এই ছাত্র ইতোমধ্যে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন তিনি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় তাত্ত্বিক বিষয়ে প্রথম হন এবং স্বর্ণপদক লাভ করেন। ২০১২ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ান গণিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। ২০১৩ সালে ফিলিপিয়ান গণিত অলিম্পিয়াডে তৃতীয় হন এবং ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ফিলিপাইনের হয়ে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পৃথিবীর সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা। তার অ্যামেরিকান গণিত মেন্টর বলেন, ‘ফ্যারল ইতোমধ্যে স্নাতক পর্যায়ের গণিত শেষ করে ফেলেছে। সে এক অসাধারণ প্রতিভা এ বিষয়ে সন্দেহ নেই।’ ফ্যারল বলেন, ‘আমি গণিত ভালোবাসি। অনেকে গণিতকে ভয় পায়, কিন্তু গণিত খুবই মজার একটা বিষয়। গণিত ভীতি একবার দূর করতে পারলে, এর চেয়ে ভালো কোন বিষয় হয় বলে আমি মনে করি না। গণিত আমাকে একজন সাধারণ বিজয়ী করেছে। কিন্তু আমার মনে হয় তার চেয়ে বড় কথা আমি গণিত করতে করতে একজন নির্ভীক পরাজিত মানুষ হতে শিখেছি। ফ্যারল যুক্তরাষ্ট্রে গণিত নিয়ে পড়াশুনা করতে চায়। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ফিলিপাইনের হয়ে স্বর্ণজয়ী হতে চান তিনি। এখন শুধুই অপেক্ষা।