একদিনে ৮ কনসার্ট!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
ফিডব্যাকের প্রাণপুরুষ তিনি। এদেশের কিংবদন্তি মিউজিশিয়ান ফুয়াদ নাসের বাবু। পহেলা বৈশাখের সাথে দেশের জনপ্রিয় ব্যান্ডদলের দারুণ এক অন্ত্যমিল রয়েছে। তাদের ব্যান্ড দলে মাকসুদুল হকের লেখা ‘মেলায় যাইরে’ গানটি এখনকার বাঙালি জীবনের জন্য বৈশাখ উদযাপনের জন্য অন্যতম এক গান। এর দীর্ঘ কয়েকবছর পর ফিডব্যাক আরও একটি নতুন গানের জন্ম দেয় ‘আবার মেলা’ নামে। আশরাফ বাবুর লেখা এই গানটিতে ভয়েস দিয়েছিলেন লুমিন। তবে সর্বোপরি বৈশাখ উপলক্ষে যেন ফিডব্যাক ব্যান্ড দল অবধারিত একটি নামে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের বৈশাখেও চরম ব্যস্ততা ফিডব্যাকের। এরই ভেতরে সারাদিনে হাফ ডজন শো কল রয়েছে। কোনোটিকেই না করার উপায় নেই। সকালে রমনা তো দুপুরে ফ্যান্টাসি কিংডম। এরপর আবার ঢাকার কোনো অডিটরিয়ামে। ফিডব্যাকের এই নাকানিচুবানি ব্যস্ততা প্রসঙ্গে ব্যান্ড দলনেতা ফুয়াদ নাসের বাবু বলেন, ‘এটা আসলে আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। বছরের পর বছর ধরেই এই চর্চা। আমরাও তাই পরিবারকে বুঝিয়েই সারাদিন এই বৈশাখে কনসার্ট মাঠে দর্শকদের সাথেই ব্যস্ত থাকি। এবারের বৈশাখে সবাই যেভাবে ধরেছে তাতে সারাদিনে প্রায় ৮টি কনসার্টে অংশ নিতে হবে। এটা আমাদের জন্য একটা রেকর্ডই বটে।’