গতকাল মঙ্গলবার শেয়ারবাজারের সূচক কমেছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২১ কোটি টাকা বেশি। অর্থাত্ প্রায় ২৪ শতাংশ বেশি। এদিকে ডিএসই’র ব্রড ইনডেক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮২ পয়েন্টে নেমে এসেছে। গতকাল লেনদেনকৃত ২৮৫টি কোম্পনির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ার দর।
এদিকে কমোডিটি এক্সচেঞ্জ গঠনের লক্ষ্যে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক সমীক্ষার জন্য কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যরা চট্টগ্রামে অবস্থিত ‘চট্টগ্রাম টি অকশন’ পরিদর্শনে গেছেন। দুইদিন পরিদর্শন করবেন গঠিত কমিটির সদস্যরা। প্রাথমিক সমীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক সমীক্ষায় ইতিবাচক প্রতিবেদন পেলে আগামী এক বছরের মধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম। কমিটির অন্য দুই সদস্য পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মনসুর রহমান।
