সঞ্চিতির উপর কর মওকুফ সুবিধা চায় মার্চেন্ট ব্যাংক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২০:২৪
সঞ্চিতির উপর বিদ্যমান কর প্রত্যাহার চায় মার্চেন্ট ব্যাংকগুলো। একইসঙ্গে লভ্যাংশের উপর থেকে দ্বৈত কর প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকাররা। গতকাল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ)। সভায় বিএমবিএ সভাপতি তানজিল চৌধুরি, সাবেক সভাপতি এ হাফিজ এবং সহসভাপতি আক্তার হোসেন সান্নামাতসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএমবিএ’র সহসভাপতি আক্তার হোসেন সান্নামাত বলেন, প্রভিশনিংয়ের (সঞ্চিতি) উপর ট্যাক্স (কর) দেওয়া মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য অন্যতম সমস্যা। এটি যেহেতু আয় নয় তাই প্রভিশনিংয়ের উপর আরোপিত ট্যাক্স মওকুফ করা উচিত নয়। তবে প্রভিশনিং আয় হিসাবে বিবেচনা করা হলে তবেই ট্যাক্স দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন মার্চেন্ট ব্যাংকাররা। তিনি আরও বলেন, বর্তমানে অনেক মার্চেন্ট ব্যাংক মুনাফা করতে না পেরে কর্মী ছাটাই করেছে। এ অবস্থায় মার্চেন্ট ব্যাংকগুলোর সমস্যা সমাধানে কর্পোরেট ট্যাক্স সাড়ে ৩৭ ভাগের পরিবর্তে সাড়ে ২৭ ভাগ করা দরকার। বিএমবিএ সহ সভাপতি আরও বলেন, একটি সাবসিডিয়ারির (অঙ্গ প্রতিষ্ঠান) কাছ থেকে মূল (প্যারেন্ট) কোম্পানি যখন লভ্যাংশ নেয় তখন ট্যাক্স দিয়ে বাকি অংশ মুনাফায় যোগ হয়। আবার ওই মূল কোম্পানি যখন সাবসিডিয়ারি থেকে প্রাপ্ত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেয় তখন তার উপরও ট্যাক্স দিতে হয়। এতে করে একই পরিমাণ লভ্যাংশকৃত আয়ের উপর দুইবার ট্যাক্স দিতে হয়। তাই আগামীতে দ্বৈত কর অবসানের আহবান জানিয়েছেন তিনি