জাতিসংঘ মহাসচিব আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ অর্জনের’ জন্য রবিবার আফগানদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভোট গণনা সময় সাপেক্ষ হওয়ায় এক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরী নির্বাচনে শনিবার ভোট দেয়ার ক্ষেত্রে আফগান নাগরিকরা তালেবান হুমকি সাহসিকতার সাথে অগ্রাহ্য করেছে।
বান বলেন, ‘আফগানিস্তানের এ নির্বাচনে ভোট দিয়ে লাখ লাখ নারী ও পুরুষ তাদের সাহসিকতা তুলে ধরার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ ও ভবিষ্যত্ নির্ধারণে প্রতিশ্রুতিও রক্ষা করেছেন।’ জাতিসংঘ মহাসচিব আরো বলেন, তালেবানের হুমকি সত্ত্বেও নির্বাচনে এসব নারী-পুরুষের অংশগ্রহণ জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর বার্তা যে তারা কখনও জয়ী হতে পারে না। তিনি নির্বাচন আয়োজনকারীদের অভিনন্দন জানিয়েছেন।
