ভেনেজুয়েলায় সহিংসতায় সরকার ও বিরোধী পক্ষের মিলে মোট ৩৯ জন নিহত হওয়ার ঘটনার পর এই প্রথমবারের মত বিরোধী নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে গতকাল মঙ্গলবার মাদুরো একথা জানান। তবে এ বিষয়ে দেশটির প্রধান বিরোধী নেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
দেশটিতে চলমান সহিংসতা দমন করে শান্তি আনয়নের লক্ষ্যে সে দেশে অবস্থানরত ব্রাজিল, আর্জেন্টিনা, কলাম্বিয়া, বলিভিয়া ও অন্যান্য দেশের প্রধান কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট মাদুরো। প্রায় এক ঘন্টারও বেশি সময় তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষ হওয়ার পর মাদুরো বলেন, দেশের শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বিরোধীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাতে চান তিনি। তিনি অভিযোগ করে বলেন, আমাকে সরানোর জন্যই এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাছাড়া এসময় অনেক লোকজনকে আহত করা হচ্ছে। যাহোক, সবকিছু ভুলে গিয়ে এখন প্রয়োজন আহত মানুষজনের সুস্থতা নিশ্চিত করা। তবে বৈঠক নিয়ে দেশটির প্রধান বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলিসের কাছ থেকে কোন ধরনের প্রতি উত্তর না আসলেও সরকারের সাথে আলোচনা চালাতে ইচ্ছুক বলে এর আগে জানিয়েছিলেন তিনি।
এদিকে দক্ষিণ আমেরিকার সংগঠন আনসুরের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকের প্রস্তাব দেন। এছাড়া সহিংসতা দমনের চেষ্টায় দেশটির মন্ত্রীরাও আলোচনা চালিয়ে যাচ্ছেন। মূলত মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে গত দুই মাস আগে দেশটির বিরোধী নেতারা বিক্ষোভ শুরু করে। এছাড়া দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু করার লক্ষ্যে মার্চের শেষেরদিকে আনসুর কমিশন ভেনেজুয়েলা সফর করে গেছে।
