পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেলুচিস্তানে কমপক্ষে ৩০ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ মাসের মধ্যে গ্যাস সমৃদ্ধ প্রদেশটিতে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
প্রদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাস বুগতি সোমবার জানান, নিরাপত্তা বাহিনী এ সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার করে। ঐ সংঘর্ষের সময়ে আধা-সামরিক বাহিনীর দশ সদস্য আহত হয়। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। বিচ্ছিন্নবাদী বাহিনী গ্যাস ও খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশটির স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। তারা এ প্রদেশটির মানুষের দারিদ্র্যতার জন্য সরকারের অবহেলাকে দায়ী করছে। বিচ্ছিন্নবাদীরা প্রায়ই প্রাকৃতিক গ্যাস লাইনের পাইপ ছাড়াও বিভিন্ন অবকাঠামোসহ নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা করে আসছে। বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে।
পাকিস্তানের পুরানো প্রতিদ্বন্দ্বী ভারত এ সকল বিচ্ছিন্নবাদী যোদ্ধাদের সহযোগিতা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোন অনাধিকার চর্চা পছন্দ করে না।
