গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ!
গত ৩০ মার্চ কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাত্ স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি । সাধারণত এ সময়ে এ রকমের তাপমাত্রা দেখা যায় না। এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে জাতিসংঘের সদ্য প্রকাশ করা একটি রিপোর্ট। যেখানে ভারতসহ গোটা এশিয়ারই ক্রমশ অস্বাভাবিক হারে উত্তপ্ত হয়ে ওঠার পূর্বাভাস করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলেছেন, ভারত বা চীনের মতো দেশে এই উত্তপ্ত আবহাওয়ার খারাপ প্রভাব পরবে কৃষির উপর এবং ক্রমশ এক ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে। —ডয়েচে ভেলে
ইউরোপের সবুজ শহর
পরিবেশ বাঁচানো ও জ্বালানি খরচ কমানোসহ অন্য কারণে ইউরোপের শহরগুলোতে দিন দিন ‘সবুজ জ্বালানি’র ব্যবহার বাড়ছে। সুইডেনের রাজধানী স্টকহোমে চলাচলরত যানবাহনের প্রায় ৭৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে। এছাড়া ‘যানজট কর’ এড়াতে অনেক মালিক নিজের গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহার করছেন। ফলে ইউরোপের অন্যতম বিশুদ্ধ বাতাসের শহর এখন স্টকহোম। নির্ধারিত সময়ের এক বছর আগেই ইউরোপের প্রথম কার্বন নিরপেক্ষ শহর হয়ে উঠছে ইটালির ‘সিয়েনা’। —ডয়েচে ভেলে
গ্রীকরা কাজের জন্য তুরস্কে
তুর্কি অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতার ১৮৫ বছর পালন করছে গ্রীস। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে গ্রীসের এখন চলছে দুর্দিন। গ্রীকদের সবাই এই স্বাধীনতার উত্সবের আনন্দে যোগ দিতে পারছে না। দৈনন্দিন প্রয়োজন তাদের ভাবিয়ে রাখছে। বহু মানুষ দেশ ছেড়ে যাচ্ছেন কাজের খোঁজে। আর তাদের অনেকেরই গন্তব্য হচ্ছে এক সময়কার শত্রুদের দেশ তুরস্ক। —বিবিসি
বন্যা কবলিত সলোমন দ্বীপপুঞ্জ রোগব্যাধি
এএফপি \ বন্যা কবলিত সলোমন দ্বীপপুঞ্জে রোগ-ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। রাজধানী হোনিয়ারায় প্রায় কয়েক হাজার লোক কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেভ দ্য চিলড্রেন-এর গ্রাহাম কেন্না বৃহস্পতিবার বলেন, আকস্মিক বন্যা রাজধানীতে আঘাত হানলে সরকারি হিসেবে এতে মৃতের সংখ্যা ২১-এ দাঁড়িয়েছে। তিনি শিশুদের নিরাপদে রাখার আহ্বান জানিয়ে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। নিখোঁজ তালিকাভুক্ত আরো ৩০ থেকে ৪০ জনকে খুঁজে পাওয়ার আশা এখন ক্ষীণ। তিনি বলেন, ‘গুয়াডালক্যানাল দ্বীপে প্রায় ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। এদের ১০ হাজার লোক হোনিয়ারার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। সাহায্য সংস্থাগুলোর প্রচেষ্টা সত্ত্বেও আশ্রয় কেন্দ্রগুলোর স্বাস্থ্য ব্যবস্থা নিম্নমানের।’ ডায়রিয়া ও এক জাতীয় চোখের অসুখ সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ছে।
