বাগেরহাটে সেতু ভেঙ্গে নদীতে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪০
বাগেরহাট শহর সংলগ্ন পুটিমারী নদীর উপরস্থ সেতুর একটি গার্ডার গত মঙ্গলবার সকালে নদীতে ভেঙ্গে পড়ে। এতে রাধাভল্লব, কাঠুয়া, গোমতি, গুজিহাটি, বাঁশবাড়িয়া, পঞ্চমালাম, ডেমাসহ ১০ গ্রামের লক্ষাধিক মানুষের জেলা শহরের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনায় এলাকার বাসিন্দারা ঐদিন দুপুরে বাগেরহাট এলজিইডি কার্যালয় অবরুদ্ধ করে প্রতিবাদ জানান। বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র বিসিক শিল্পনগরীর পাশ দিয়ে প্রবাহিত পুটিমারী নদীর উপর ১৯৯৭ -৯৮ অর্থ বছরে সেতুটি নির্মিত হয়। বছর দুই আগে এই সেতুর মাঝের একটি অংশ নদীতে ভেঙ্গে পড়ে। এ অবস্থায় স্থানীয় কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ওই স্থানে কাঠের সাঁকো দিয়ে চলাচল উপযোগী করা হয়। সেই থেকে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ বাগেরহাট জেলা শহরে জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতুটি পার হতো। প্রায়শই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হতো স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীসহ পথচারীরা। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম জানান, ইতিপূর্বে জনগণের দুর্ভোগের কথা জানিয়ে পুটিমারী সেতুটি পুনরায় নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) অবহিত করা হয়। তবে কর্তৃপক্ষ দীর্ঘদিন পরেও এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ না করায় সেতুটির একটি গার্ডার মঙ্গলবার ভেঙ্গে পড়ে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে বাগেরহাট এলজিইডি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী এলজিইডি ভবন ত্যাগ করে। এ বিষয়ে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শাহবুদ্দিন জানান, ভেঙ্গেপড়া সেতুটি পুনর্নির্মাণে আগামী ১ মাসের মধ্যে টেন্ডার আহবান করা হবে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক বলেন, সেতুটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত বাঁশের সাঁকো নির্মাণ করে জনসাধারণের চলাচল উপযোগী করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।