প্রেমের ফাঁদে ধরা পড়লো চোর স্বীকার করল ৩ হত্যাকাণ্ডের দায়

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪২
পটিয়া কচুয়াই এলাকার দোকানদার ইছহাক মিয়ার হত্যা রহস্য উদঘাটন করতে গিয়ে মিথ্যা প্রেমের ফাঁদ পেতে পুলিশ গত শুক্রবার আটক করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের শাহ আলমকে (৩০)। গত সোমবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মোট ৩জন দোকানীকে হত্যার দায় স্বীকার করেছে। ২০১৩ সালের নভেম্বর মাসে উপজেলার মেলঘর এলাকায় দোকানদার জাহাঙ্গীর ও ডিসেম্বর মাসে ধলঘাট ঘোষের হাটে দোকানদার অনিল তাদের হাতে খুন হয়। সর্বশেষ গত ১২ মার্চ পটিয়া উপজেলার কালো মসজিদ এলাকায় ইছহাক মিয়ার (৬৫) দোকানে চুরি করার সময় তাকে গুরুতর আহত করে। সে ১৫ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৭ মার্চ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। শাহ আলম জানায়, তার সাথে অন্য চোর সিন্ডিকেটের সদস্যরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে। তার জবানবন্দি শেষে পুলিশ গত সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করেছে।