বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
উজিরপুরের জল্ল¬ার দক্ষিণ কুড়লিয়া সেনের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে কতিপয় ব্যক্তি মত্স্য চাষ ও খাল দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী বরিশাল জেলা প্রশাসক ও উজিরপুর ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এ খাল দিয়ে এলাকাবাসী বিভিন্ন কৃষি পণ্য আগৈলঝাড়া ও হারতা বাজারে আনা নেয়া করে। এ ছাড়া পানি সেচের মাধ্যমে ইরিগেশন, পানি নিষ্কাশন, গরিব কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র খাল। হারতা এলাকার হাসেম রাঢ়ীর ছেলে ছত্তার রাঢ়ী ও তার ভাই আকবর রাঢ়ী, ছোবাহান রাঢ়ীর ছেলে রশিদ রাঢ়ী এবং মশাং গ্রামের গিয়াস মালি¬কসহ ২০/২৫ জন মিলে খালে বাঁধ দিয়ে মত্স্য চাষের নামে খাল দখলে নেয়ার চেষ্টা করছে। বাঁধ দেয়ার সময় এলাকাবাসী বাধা দিলে ভূমিদস্যুরা তাদেরকে অস্ত্রসস্ত্র নিয়ে তাড়া করে এবং ভয়ভয়ীতি এমনকি হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে কুড়লিয়া গ্রামের সুনিল বাড়ৈ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন।
