কোটালীপাড়ায় দায়িত্ব পেলেন নির্বাচিত চেয়ারম্যান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল ফুল দিয়ে চেয়ারম্যানদের বরণ করে নেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় ব্র্যাকের আয়োজনে কৃষি মেলা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার দর্শনায় ব্র্যাকের আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। এ মেলায় অংশ নিয়ে লাঠি খেলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা, বেলুন ছিঁড়া ইত্যাদি নানা খেলাধুলা ও প্রতিযোগীতায় অংশ নেন। এক পর্যায়ে এ মেলা কৃষকদের মিলন মেলায় পরিণত হয়। নানা বয়সের কৃষকরা নানা আয়োজনে অংশ নিয়ে প্রাণের মেলায় মেতে ওঠেন। এ মেলায় ব্র্যাকের বিভিন্ন জাতের ভুট্টা, ধান ও শাক-সবজির বীজ প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজার গোলাম মোস্তফা, ভুট্টা বীজের মার্কেটিং ম্যানেজার সজল কুমার দে, জোনাল ম্যানেজার সেলিমুর রহমান, অফিসার সেলস চিন্ময় চৌধুরী ও স্থানীয় পরিবেশক কামাল উদ্দীন আহমেদ সান্টু।
জাপান যাওয়ার সুযোগ পেলেন রাঙ্গামাটির নৃত্য শিল্পী এ্যানি
কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা\ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক নৃত্য বিদেশে তুলে ধরার জন্য রাঙামাটির নৃত্য শিল্পী এ্যানি দেওয়ানকে নির্বাচিত করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পক্ষে তাকে নির্বাচিত করা হয়েছে। এ্যানি দেওয়ান আগামী ২৪ এপ্রিল জাপানের কালচারাল মঞ্চে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করবেন। এ্যানি জাপান গমনের জন্য গত রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান তাকে ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ ও হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনছুর চৌধুরী উপস্থিত ছিলেন।
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা\ টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোরে ৪২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের আওতাধীন নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের নায়েক সুবেদার আবু কালামের নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশি তৈরি অস্ত্রসহ এইচ ব্লকের ১২২৫-৪নং রুমের ৫২৯ এমআরসি ধারী আবদুল হামিদ (৪৭) কে আটক করে। আটককৃতকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে বলে জানিয়েছেন ৪২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ।
মোরেলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা\ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-মোরেলগঞ্জ এডিপি’র উদ্যোগে সোমবার বিকেলে র্যালী, আলোচনা সভা ও ছাত্র-ছাত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর উদ্দিন মোহাম্মদ ইউসুফ-এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্প ব্যবস্থাপক অমর ডি কস্তা, এইচপিও সজল চন্দ্র হালদার, সরকারি স্বাস্থ্য বিভাগের পরিদর্শক শাহজাহান হাওলাদার, এমটি-ইপিআই দিপক কুমার রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এম.কে আজিজ প্রমুখ।
বড়াইগ্রামে তিন দিনের ডিজিটাল মেলা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা গত সোমবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) মোহা. শওকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক চৌধুরী, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার বায়েজীদ হোসেন ওয়ারেছি বক্তব্য রাখেন। এতে সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. লাজারুস রোজারিও, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
সাপাহারে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নওগাঁ প্রতিনিধি\ নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের আউস ধান উত্পাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মণ্ডল প্রমুখ।
বাঘায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে উপজেলা মত্স্য অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন-এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল হোসেন ও গড়গড়ি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্যসহ প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়ের উপরে ভিডিও প্রদর্শন করেন উপজেলা মত্স্য কর্মকর্তা ওমর আলী। সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধীজন।
রংপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি \ রংপুরে গত সোমবার দিনব্যাপী ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এবং ভয়েস অব আমেরিকার উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম। এ সময় রিসোর্স পারসন ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল হক, এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, যাত্রীর প্রধান মিডিয়া পারসোনাল জামিল আহমেদ। ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ইউএসএআইডি’র বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর গ্রেগোরি জে এডামস।
গাইবান্ধায় নাট্য সংগঠন মেঘদূতের ৪০ বছর পূর্তি
গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধার নাট্য সংগঠন মেঘদূতের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত সোমবার দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল নাট্যকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন। এ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রবীণ নাট্যকার সাংবাদিক আবু জাফর সাবু। পরে সংগঠনের আহ্বায়ক রুহুল হক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, বিশেষ অতিথি বিশিষ্ট উন্নয়ন কর্মী এম. আব্দুস সালাম, এতে বক্তব্য রাখেন কাজী হারুন-উর-রশিদ সেলিম শিরিন আকতার, চুনি ইসলাম, সাখোয়াত হোসেন বিপ্ল¬ব, অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
ঝিনাইগাতীর গজনীতে চিলড্রেন’স পার্ক উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুর জেলার সীমান্তবর্তী পর্যটন শিল্পে সম্ভাবনা ঝিনাইগাতী উপজেলায় গত সোমবার “গজনী অবকাশ” পর্যটন কেন্দ্রে নতুন আঙ্গিকে ব্যক্তি উদ্যোগে “চুকু লুপি চিলড্রেন’স” নামে সুন্দর একটি পার্ক উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। পরে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপত্বিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, ভি-সাইন গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন ফনিক্স, শেরপুর জেলা চেম্বার অফ কমার্স-এর সহ-সভাপতি শ্রী প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিমু বক্তব্য রাখেন।
মুরাদনগরে ছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাঈম(১৬) হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা-রামচন্দ্রপুর সড়কের কুমিল্লা নামক স্থানে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কামাল্লা ইউপি চেয়ারম্যান মো: ফিরোজ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি আবুল আয়েছ খান, আল হেলাল চৌধুরী সিকন্দাবাদ, হাজী জসিম উদ্দিন, সুইটি ইয়াছমিন,সামসুল হক, রাশেদা ইয়াছমিন প্রমুখ।
শিবালয়ে ব্র্যাকের সড়ক নিরাপত্তা শীর্ষক মতবিনিময়
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ শ্লোগান নিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও এডভোকেসী ফর স্যোসাল চেইঞ্জ প্রজেক্টের আয়োজনে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: শাহ আলম, শ্রমিক নেতা বাবুল সরকার, ব্র্যাক প্রতিনিধি আবু জাফর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
মহাদেবপুরে এলএলপি বিষয়ক কর্মশালা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গত সোমবার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা টাস্কফোর্স ডেলিগেশন ও স্টেক হোল্ডার পার্টিসিপেন্টদের এলএলপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। খাজুর ইউপি চেয়ারম্যান বেলালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডাঃ আব্দুল বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আলাউদ্দিন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক জুয়েল, ডাঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ঝিকরগাছায় যশোর-২ আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার বিকেলে যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে নাগরিক সমাজ এক গণসংবর্ধনা দিয়েছে। উক্ত গণসংবর্ধনায় পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, অধ্যাপক রেজাউল হোসেন, রমজান শরীফ বাদশা, শেখ নাছিমুল হাবিব শিপার প্রমুখ।
বগুড়ার শেরপুরে গ্রাম পুলিশদের পুরস্কার প্রদান
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা বৃদ্ধি ও ভাল কাজের উপহার স্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। বিগত দুই মাসে উপজেলার কোন ইউনিয়নের গ্রাম পুলিশ সবচেয়ে বেশি ভাল ও গুরুত্বপূর্ণ কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাই করে ৫ জনকে পুরস্কার দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে শেরপুর থানা চত্বরে উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশদের উপস্থিতিতে এ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখে শেরপুর থানার ওসি(প্রশাসন) আলী আহম্মেদ হাসমী, ওসি(তদন্ত) মিজানুর রহমান মিজান, সেকেন্ড অফিসার আবু জাররা, গ্রাম পুলিশ নজরুল ইসলাম প্রমুখ।
আদমদীঘিতে ইভটিজারসহ ৫ জনের জেল
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইভটিজারসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশ জানায়, ইভটিজিংয়ের দায়ে উপজেলার দমদমা গ্রামের নাজমুলকে (২০) ৩ মাস, মাদকসেবন ও বিক্রির দায়ে পশ্চিম সিংড়া গ্রামের বকুল মন্ডল (৩২), নুর ইসলাম (২৬), সান্তাহার চা বাগান এলাকার শরিফুল ইসলাম টুকুকে (৫৫) ১ বছর করে ও ঢাকাপট্টি এলাকার জামাল হোসেনকে দেড় বছর বিনাশ্রম জেল দেয়া হয়। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
জীবননগরে কৃষকদের মাঝে সার বীজ ও টাকা বিতরণ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে সার, বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বীজ বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথি হিসাবে উপজেলার ৮৭৫ জন কৃষকের মধ্যে এ সার, বীজ ও টাকা বিতরণ করেন। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি এ সময় উপস্থিত ছিলেন।
তালায় বাকশিসের কমিটি গঠন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এমএম এনামুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বাকশিসের (বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা বাকশিসের সভাপতি ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বাকশিসের সাবেক সভাপতি ও আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-ইলাহী ও সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি। সভার দ্বিতীয় পর্বে আগামী ৩ বছরের জন্য শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুকে সভাপতি, মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বাকশিসের কমিটি গঠন করা হয়।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান কারাগার থেকে মুক্ত
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম বাদশা শেরপুর জেলা কারাগার থেকে গত সোমবার প্রায় ৩ মাস কারাভোগের পর হাইকোর্টের জামিনে মুক্ত হয়ে সন্ধ্যার পর পর মেইন রোডে হাজির হওয়ার সাথে সাথে বিএনপি’র শত শত নেতা-কর্মী ও তার অন্ধভক্তরা তাকে নিয়ে বিভিন্ন স্লোগান, ফুলেল শুভেচ্ছা দিয়ে আমজনতারা বরণ করে নেয়। উল্লেখ্য, দুদকের মামলায় কারাগারে থেকেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পুনঃনির্বাচিত হন।
নোয়াখালী পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা যুবলীগের আহবায়ক ইকবাল করিম তারেক ও যুগ্ম আহবায়ক আহসান হাবীব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৌর যুবলীগের কার্যক্রম স্থবিরতা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এবং একরামুল হক বিপ্লবকে আহবায়ক, নূর আলম ছিদ্দিকী রাজু ও আলাউদ্দিন আলোকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হলো।
নন্দীগ্রামে এমপি রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলা বিজরুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গত সোমবার নন্দীগ্রাম-কাহালু সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জাসদের নেতা কামরুজ্জামান কামরুল, ফরিদুর রহমান ফরিদ, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রমজান আলী, যুবলীগ নেতা সুমন চন্দ্র বুদু, জেলা জাসদ ছাত্রলীগের নেতা দুখু, শুশাঙ্খ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু খাদ্যের উপর কোর্স অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ এক ওরিয়েন্টেশন কোর্স গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মওদুদ হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ আশিকুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।
লালমনিরহাটে চরবাসীর স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন প্রশিক্ষণ
লালমনিরহাট প্রতিনিধি \ প্রাকটিক্যাল একশন বাংলাদেশ-এর আয়োজনে আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে সিএলপি- ইউনিসেফ প্রকল্পের এসকেএস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সিবিও নেতৃবৃন্দের দুই দিনব্যাপী ‘স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন ও অংশগ্রহণনমূলক মনিটরিং’ বিষয়ক এক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়। এই প্রশিক্ষণের উপস্থিত ছিলেন চরজীবিকায়ন প্রকল্পের জেলা অবকাঠামো অফিসার কাজী মোঃ সোয়েব এমরান , জেলা মার্কেট ও লাইভলীহুড অফিসার মাহফুজুন নবী। উদ্বোধনী বক্তৃতায় অতিথিবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে চরবাসীর জীবনাচরণের পরিবর্তনের মধ্য দিয়ে তাদের জীবিকায়নের উন্নতি ঘটাতে সক্ষম হবেন বলে মনে করেন।
হোমনায় আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ গত সোমবার উপজেলার দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক এম এ মমিন, আনসার কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক আছমা আক্তার ও প্রিভেইল মাহমুদ প্রমুখ।
লোহাগাড়ায় স্বর্ণালংকার লুট, অস্ত্র উদ্ধার, ২ ডাকাত আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সওদাগর পাড়ায় আবদুল হামিদ (৬৫) এর বাড়িতে গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে ঢুকে গৃহকর্তা আবদুল হামিদের স্ত্রী আনোয়ারা বেগম ও তার পুত্রবধূকে অস্ত্রমুখে জিম্মি করে। ডাকাতরা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ও গৃহকর্তা আবদুল হামিদের হাত ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আবদুল হামিদের স্ত্রী ও পুত্রবধূ এ সময় ডাকাত-ডাকাত বলে চিত্কার করলে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টার করে। ওই সময় এলাকাবাসী বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের মোরশেদ আলম (২৩) নামে এক ডাকাতকে হাতে-নাতে ধরে ফেলে।
