চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) কোরিয়া মালিকানাধীন একটি কারখানায় মঙ্গলবার দুপুরে শ্রমিকরা ভাংচুর চালিয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে কারখানাটি গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কারখানাটি চালু হবে বলে সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক আবদুর রশিদ ইত্তেফাককে বলেন, কোরিয়ান মালিকানাধীন সিইপিজেডের এইচকেডি ইন্টারন্যাশনাল কারখানায় গতকাল দুপুরে একটি বিভাগে কাজ কম থাকায় ঐ বিভাগের ৫ শ্রমিককে অন্য একটি ফ্লোরে কাজ করতে বলা হয়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার কর্মকর্তাদের সাথে প্রথমে বাদানুবাদে লিপ্ত হয় এবং পরে কারখানার ভেতরে ভাংচুর চালায়। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে সিইপিজেড কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোকজন ছুটে যায়। পরে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে এক বৈঠকে মিলিত হয়। তারা শ্রমিকদের অভিযোগ শুনে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি আরো জানান, আন্তর্জাতিকভাবে সুনামের অধিকারী কারখানাটিতে ২ হাজার ৭০০ শ্রমিক কর্মরত রয়েছে। গতকালের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে ৭০০ থেকে ৮০০ শ্রমিক। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করে আনার জন্য আজ বুধবার ছুটি ঘোষণা করেছে।
সিইপিজেডের একটি সূত্র জানায়, এইচকেডি ইন্টারন্যাশনালে গতকাল দুপুরে শ্রমিকদের সাথে কারখানার কর্মকর্তাদের বাদানুবাদের ঘটনার সময় একজন নারী শ্রমিককে লাঞ্ছিত করা হয়েছে বলে কথা ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার ভেতরে ও অফিসকক্ষে আসবাবপত্র ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইপিজেড কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা ছুটে আসেন।
