কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে কর্মকর্তার অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে এ সময় পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে। গত সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষক সমিতি তদন্তকালীন সময়ে লাঞ্ছনাকারী কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতির দাবি জানিয়েছে।
গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের পর দুপুরের আহারের সময় সেকশন অফিসার মোঃ জাকির হোসেন ওই শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করেন। পরদিন শিক্ষকরা উপাচার্য ড. মোঃ আলী আশরাফকে বিষয়টি জানালে তিনি জাকির হেসেনকে কারণ দর্শানোর নোটিস দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ওই কর্মকর্তার অসদাচরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
