সার্নের সঙ্গে সহযোগিতায় যুক্ত হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৩৯
বিশ্বখ্যাত কনা পদার্থ গবেষণা প্রতিষ্ঠান সার্ন-এর সঙ্গে সহযোগিতায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র, শিক্ষক ও গবেষকদের কনা পদার্থ বিদ্যায় প্রশিক্ষণ দেবে সার্ন। সফররত ইউরোপীয় সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক বলফ ডিটের হয়্যার সরকারের সঙ্গে কার্যকর সহায়তার ব্যাপারে আলোচনা করেছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে সার্ন-এর সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হবে। এ চুক্তির আওতায় ছাত্র ও শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও অবকাঠামো উন্নয়ন করা হবে। সার্ন প্রধান বলফ ডিটের হয়্যার গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি হোটেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে জানান, বিজ্ঞান বিশেষ করে কনা পদার্থ বিদ্যায় বাংলাদেশ সার্ন এর সহায়তা পাবে। জীবন যাত্রার মান উন্নয়ন ও জাতীয়ভাবে উত্কর্ষ সাধনে এ সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। যে কোন দেশ বিশেষ করে বাংলাদেশ বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করলে জ্ঞান বিজ্ঞান ক্ষেত্রে লক্ষ্য অর্জন করতে পারবে। সেজন্য অপেক্ষাকৃত তরুণদের পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। এই বয়সের ছেলে মেয়েদের সৃজনশীলতা ও চিন্তা শক্তি অনেক বেশি। সার্ন বর্তমানে শতাধিক দেশের দশ হাজারেরও বেশি বিজ্ঞানী ও গবেষককে কনা পদার্থ বিদ্যায় প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশও এই কর্মসূচিতে যুক্ত হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যার শিক্ষক ও ছাত্ররা প্রশিক্ষণের সুযোগ পাবেন। সহসাই সারাবিশ্ব থেকে ৩০০ জন ছাত্রকে দুই মাসের প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র এই সুযোগ পাবে। বাংলাদেশ সরকার এই ছাত্রকে নির্বাচন করবে। সার্ন-এর উদ্যোগে চলতি বছরের শেষে ঢাকায় কনা পদার্থ বিদ্যা নিয়ে একটি কর্মশালা হবে। সার্ন-এর দীর্ঘ মেয়াদী কার্যক্রমে এখন থেকে বাংলাদেশ যুক্ত হবে। সার্ন মহাপরিচালক জানান, ইউরোপের ২১টি দেশ বর্তমানে সার্ন এর সদস্য। সাইপ্রাস, ব্রাজিল, তুরস্ক, ইউক্রেন, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ সহযোগী সদস্যের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে যে পরিমাণ সহযোগিতা চলছে সে অনুযায়ী সহসাই বাংলাদেশ একই মর্যাদা পাবে।