ড. ইউনূস-মাইকেল সোমার বৈঠক

সামাজিক ব্যবসায় আগ্রহী জার্মান ট্রেড ইউনিয়ন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪০
নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্ভাবিত সামাজিক ব্যবসায়ে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ট্রেড ইউনিয়ন। গতকাল মঙ্গলবার জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে ড. ইউনূস-এর সঙ্গে বৈঠক করেন জার্মান ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল সোমার। এসময় তিনি সামাজিক ব্যবসায়ে তার আগ্রহের কথা জানান। সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে শ্রমিক এবং সুবিধাবঞ্চিতদের নতুন উপায়ে সহায়তা করা যায় এ বিষয়ে তিনি ড. ইউনূসের কাছে বিস্তারিত জানতে চান। বৈঠকে সামাজিক ব্যবসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস। এর মাধ্যমে কীভাবে মানুষকে বেকারত্ব থেকে মুক্ত করে উদ্যোক্তায় পরিণত করা যায় তা তিনি জার্মান নেতাকে বুঝিয়ে বলেন। প্রসঙ্গত, মাইকেল সোমার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনেরও (আইটিইউসি) প্রেসিডেন্ট। তার নেতৃত্বে একটি জার্মান প্রতিনিধি দল বর্তমানে চারদিনের সফরে বাংলাদেশে রয়েছে। ঢাকা সফরকালে সোমার একটি সামাজিক সংলাপে অংশ নেন। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন।