মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আমি সারা বাংলাদেশে রাষ্ট্রদূত, তাই আমি বাংলাদেশকে দেখতে বেরিয়েছি । বাংলাদেশের যে কোন ভাল দিক বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজে মতবিনিময়কালে এ কথা বলেন মজীনা। মতবিনমিয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোলাইমান আলী , পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল। এর আগে তিনি সার্কিট হাউজে পৌঁছলে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জয়পুরহাট চিনিকল পরিদর্শন করেন। সেখানে মিলের উত্পাদন সম্পর্কে খোঁজ-খবর নেন।
বগুড়ায় কিডনি সেন্টার পরিদর্শন
বগুড়া প্রতিনিধি জানান, ড্যান মজীনা গতকাল সকালে বগুড়ার ছিলিমপুরে প্রতিষ্ঠিত ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার পরিদর্শন করেন। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই কিডনি ডায়ালাইসিস সেন্টার এ পর্যন্ত ১৩ হাজার ২৬০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা প্রদান করেছে। ড্যান মজীনা সকালে সেখানে পৌঁছলে প্রতিষ্ঠানের সহ-সভাপতি আমিনুর রহমান তাকে কিডনি সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং রোগীদের সাথে কথা বলেন। এসময় ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টারের চিকিত্সক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য, ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টারে দরিদ্র রোগীদের বিনামূল্যে অথবা ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। উত্তরাঞ্চলের কিডনি রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে সেন্টারটি অবদান রেখে চলেছে।
