বেধড়ক পিটুনিতে লিভার ফেটে রক্তক্ষরণে মৃত্যু হয় সায়াদের

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজের হত্যাকারীদের বিচার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সায়াদের হত্যাকাণ্ডের পর গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত রয়েছেন। ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সায়াদের লাশের ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করেছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ময়না তদন্তে আঘাতেই সায়াদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়না তদন্তকারী চিকিত্সক ডা. মামুন। রিপোর্টে বলা হয়, সায়াদকে লোহার রড ও লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে। সায়াদের লাশের বাম হাতের একটি জয়েন্ট ছিল মারাত্মকভাবে ফাটানো। মাথার পিছনেও আঘাত ছিল। অমানবিক নির্যাতনে লিভার ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই মারা যায় সায়াদ। ময়না তদন্তকারী চিকিত্সক ডা. মামুন পুলিশের নিকট সোমবার রাতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার এই রিপোর্ট পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সাধারণ শিক্ষার্থীদের গতকালের আন্দোলনের মধ্যে ছিল সন্ধ্যায় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয়’৭১-এর পাদদেশে গণজমায়েত ও প্রতীক অনশন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং সায়াদের কথা, ছবি ও গান নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রেসিডেন্স এন্ড স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভার সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত প্রতিবেদনের রিপোর্ট প্রকাশ এবং হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের বিষয়ে বাকৃবি উপাচার্যে আশ্বাসের প্রতিফলনের প্রতি দৃষ্টি রাখছেন আন্দোলনকারী শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সকলে। গতকাল মঙ্গলবার রাতে এ কমিটির বৈঠক হওয়ার কথা। এদিকে সায়াদ হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে ‘সংগ্রামী সাধারণ ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল টিএসসি থেকে শুরু করে কামাল-রণজিত মার্কেট হয়ে ফের টিএসসি এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।