আয়কর ফাঁকি মামলা থেকে অব্যাহতি পেলেন মহিউদ্দিন চৌধুরী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আয়কর ফাঁকির মামলা থেকে আদালত অব্যাহতি দিয়েছে। আদালতে এই মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করার আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে অব্যাহতি দেন। সোমবার চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ এসএম আতাউর রহমানের আদালত অব্যাহতি প্রদানের এই আদেশ প্রদান করেন। এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্তের পাঁচ বছর পর গত ২৭ মার্চ আদালতে এ ব্যাপারে আবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত থাকায় পাঁচ বছরে এই আবেদন জমা দিতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। আদালত সূত্র জানায়, গত ২০ মার্চ হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। জানা যায়, এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০০৪-২০০৫ আয়কর বর্ষে এক কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকার দাখিলকৃত আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণীতে বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্জিত সম্পদের উপর ২৭ লক্ষ ৫৮ হাজার ৬০৭ টাকা কর ফাঁকির অভিযোগ পায় আয়কর বিভাগ। ২০০৮ সালের ৭ জুলাই অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।