মোদীর বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪৫
অবশেষে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। তার বিরুদ্ধে কোনও হেভিওয়েট ব্যক্তিকে প্রার্থী করার কথা ভাবছিল কংগ্রেস। দিগ্বিজয় সিং থেকে শুরু করে আনন্দ শর্মা পর্যন্ত বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় বিধায়ক অজয় রাইকে টিকিট দিল দল। পিন্ডরা থেকে কংগ্রেসের বিধায়ক অজয় রাই। ৫ বার বিধায়ক পদে জয়লাভ করেছেন তিনি। দু’বার দলও বদলেছেন। বিজেপিতেও যোগ দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা হওয়ায় তাকেই মনোনীত করেছে কংগ্রেস। ২০০৯ এর লোকসভা নির্বাচনেও শক্ত হাতে মোকাবিলা করেছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিন নম্বরে ছিলেন অজয়। সে সময় খুব কম ব্যবধানে জয়লাভ করেছিলেন মুরলী মনোহর জোশী। কংগ্রেস নেতাদের মন্তব্য, কোনও বাইরের প্রার্থীর তুলনায় অজয় সেখানকার মানুষের অনেক বেশি কাছের মানুষ।