তিনটি কারণে এবারের উপজেলা পরিষদের নির্বাচনে সহিংসতা বেড়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, নির্বাচনে পর্যায়ক্রমে সহিংসতা বৃদ্ধির পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে আমাদের কাছে তিনটি কারণকে মুখ্য মনে হয়েছে। ধাপে ধাপে নির্বাচন ও প্রথম ধাপ থেকে ফলাফল প্রকাশ, নির্দলীয় নির্বাচনকে দলীয় রং দেয়া এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে উপজেলা নির্বাচনের সময় সহিংসতা উত্তরোত্তর বেড়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতের প্রধান নির্বাচন ভি এস সম্পাটের উদ্ধৃতি দিয়ে নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশেও নির্বাচনী আইন কম নেই। কিন্তু ভারতে নির্বাচন কমিশনের সুবিধা হচ্ছে তাদের রাজনৈতিক দলগুলো কমিশনকে সহযোগিতা করে। তাদের গণমাধ্যম ইসির কাজকে সমর্থন করে আর আদালত ইসির অভিভাবকের দায়িত্ব পালন করে।
আবু হাফিজ কমিশন নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়ে বলেন, গঠনমূলক সমালোচনা থেকে শেখার থাকে। ভুল ধরিয়ে দিলে তা আমরা শুধরে নিতে পারি। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করলে তা কোন কাজে আসবে না।
তিনি বলেন, কমিশন কি করছে, এটা জানার অধিকার দেশের সব মানুষের রয়েছে। কিন্তু সে জানার প্রক্রিয়াটাও যেন গণতান্ত্রিক এবং গঠনমূলক হয়।
