জিয়া-খালেদা রাজাকারদের পিতামাতা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২৩:০২
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ‘রাজাকারদের পিতা-মাতা’ বলে আখ্যায়িত করলেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করে তিনি বলেছেন, জিয়াউর রহমান হলেন ইতিহাসের খলনায়ক, ক্ষমতা দখল করতে বহু মানুষকে হত্যার কারণে প্রশ্ন ওঠে-তিনি পাগল হয়ে গিয়েছিলেন। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের বাইরে চলে গেছেন। আইন, বিচার, সংসদ, গণতন্ত্র তিনি কিছুই মানছেন না। জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় গ্রামাঞ্চলের মানুষ বলছে, তার কী মাথা খারাপ হয়ে গেছে! আমি বলবো, তিনি পাগল নন, তার মাথাও খারাপ হয়নি। তার পাগলামির মধ্যে আমি একটা নিয়ম লক্ষ্য করছি। এর মধ্যে খারাপ উদ্দেশ্য ও চক্রান্ত লক্ষ্য করছি। তার পাগলামি সিস্টেম্যাটিক (পরিকল্পিত)। যেমন বিগত সময়ে ক্ষমতায় থাকতে তিনি পরিকল্পিতভাবে দুর্নীতি ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছেন। খালেদা জিয়া মিথ্যাচারের ষড়যন্ত্র করছেন। তথ্যমন্ত্রী বলেন, সংসদে না থাকা খালেদা জিয়ার পাগলামি। কেউ জোর করে তাকে সংসদের বাইরে ঠেলে দেয়নি। উনি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন সবাই চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সমঝোতার কথা বললেও খালেদা জিয়া সংলাপ-সমঝোতার পথ মাড়াননি। তিনি অন্যকিছু চান। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া নিজেই নিজেকে খরচের খাতায় নিয়ে যাচ্ছেন। নিজের ভুলের জন্য তিনি ইতোমধ্যে অনেক খেসারত দিয়েছেন, তাকে আরও খেসারত দিতে হবে। তাকে তওবা করতে হবে, সন্ত্রাসের পথ ছাড়তে হবে। তা না হলে তিনি বাংলাদেশের জন্য ‘বিপদ’ হয়েই থাকবেন