মুক্তি পেলেন ফখরুল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে গত সোমবার হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে। গত ১৬ মার্চ থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ওই কারাগারের (পার্ট ২) সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, মঙ্গলবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন সংক্রান্ত কাগজ কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে রাত সোয়া সাতটার দিকে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়ার পর জেল গেটে গাড়িতে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, দখলদার ও গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এ অবৈধ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গুলি ও খুন করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এসময় তাকে স্বাগত জানাতে জেল গেটে উপস্থিত ছিলেন তার স্ত্রী, কন্যা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, দলের কেন্দ্রীয় নেতা মেয়র মুজিবুর রহমান, হুমায়ুন কবীর খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।