মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইত্তেফাক সারাদেশ ফোরামের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ২৫ মার্চ বিকালে কুমারখালি অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
২৬ মার্চ বিকালে কুমারখালি পৌর শিশুপার্কে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া-৪ কুমারখালি-খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ। আলোচনা পর্বে ইত্তেফাক সারাদেশ ফোরাম কুমারখালি শাখার আহ্বায়ক তুষার আহমেদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মুত্তালিব মিয়া, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার, সংগঠনের সদস্য সচিব সুনম সরোয়ার বকুল ও সদস্য আহসানুল হক মিরন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুর রউফ বলেন, ‘কুমারখালির মাটিতে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট ফকির লালন সাঁই, গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথ মজুমদার, ‘বিষাদ সিন্ধু’ রচয়িত কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, বিপ্লবী বাঘা যতীন, প্রখ্যাত গীতিকার মাসুদ করিম, বিশ্ববিখ্যাত হরবোলা শিল্পী শুভেন্দু বিশ্বাসসহ অনেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণায় ধন্য এই কুমারখালির মাটি। তাই এই ঐতিহ্য বজায় রাখতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন জরুরি। আর কয়েক বছর ধরে ইত্তেফাক সারাদেশ ফোরাম এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত রাখতে নানা ধরনের পরিচ্ছন্ন অনুষ্ঠান পরিচালনা করছে। যা অবশ্যই প্রশংসনীয়।’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদেশ ফোরাম সদস্যরা সংগীত ও সিবার্ড সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নৃত্য পরিবেশন করেন। বাদ্যযন্ত্র বাজান সিরাজুল হক, রাসেল, সুনম সরোয়ার বকুল প্রমুখ।
