লাক্সতারকা হিসেবে মিডিয়াতে যাত্রা শুরু করলেও জাকিয়া বারী মম যোগ্যতা দিয়েই একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রথম চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এর সাফল্যের পর দীর্ঘদিন তাকে কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার রকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করব তোমার সাথে’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। প্রতিভাময়ী এই অভিনেত্রীর বর্তমান কাজ ও আগামীর ভাবনা নিয়ে আমাদের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ
আমাদের এই সময়ের টিভি অভিনেত্রীদের মধ্যে অনেকেই মমকে একটু আলাদা জায়গায় রাখেন। নিজের পড়াশোনাটাও নাটক নিয়ে করেন বলে মমর সারাবেলা কাটে নাটকের সঙ্গে ভালোবাসাবাসি করে। মম তার সাফল্যের পুরো কৃতিত্ব দিতে চান কাকে—এমন প্রশ্ন শুনে সময় না নিয়েই তিনি বলেন, ‘ক্যারিয়ারের জন্য প্রথমেই বলতে হবে আমার পরিবারের কথা। আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিতে আমার বাবা-মায়ের চেষ্টা ছিল প্রবল। এরপর আমি বলতে চাই আমার নাচের গুরু কবিরুল ইসলাম রতনের কথা। তার কারণে আমি মিডিয়াতে অনেক সহযোগিতা পেয়েছি কাজ করতে গিয়ে। আমি আমার বাবার কাছে আবৃত্তি শিখেছি। এছাড়া আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের অবদানও কম নয় আমার ক্যারিয়ারে। ব্রাহ্মণবাড়িয়ার এই সংস্কৃতিক প্রতিষ্ঠানেই আমি নাচ-গান শিখেছি। তাছাড়া লাক্সের পর যেসব নির্মাতাদের ভালো ভালো নাটকে আমি কাজ করেছি তারাও আমার আজকের অবস্থানে পৌঁছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে সবচেয়ে বেশি সহায়তা করেছেন দর্শকরা। কারণ তারা আমাকে গ্রহণ না করলে অন্য অনেকের মতো আমিও হারিয়ে যেতাম অপরিচিতির অন্ধকারে।’ খ্যাতিমান কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের কাহিনী নিয়ে তৌকীর আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রটি। এতে কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মম। এরপর বেশকিছু মানসম্পন্ন নাটক ও টেলিফিল্মে কাজ করে অভিনেত্রী হিসেবে মম নিজেকে সমৃদ্ধ করেছেন। কিন্তু তারপরও এই তিনি অতৃপ্তির কথাই বলেন জোরেশোরে। মমর কথায়, ‘আমি আসলে একজন ভালো অভিনেত্রী হতে চাই। আর সেজন্য আমি প্রতিটি মুহূর্ত পার করছি শেখার মধ্য দিয়ে। অভিনয়টা আমার রক্তের সাথে মিশে গেছে। আমি তিন বছর বয়স থেকেই অভিনয় করছি। অভিনেত্রী হিসেবে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে ‘নীড়’ ধারাবাহিকটি। এই নাটকের আয়শা চরিত্রটি দর্শকদের সাথে আমাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। চরিত্র আমি এখনও খুব খুব মিস করি। আমি মম থেকে যে দর্শকদের আয়শা হতে পেরেছি—এজন্য একধরনের ভালোলাগা অনুভব করেছি। নিজের কাজের ক্ষেত্রে আমি কখনোই আপস করতে চাই না। আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে। এরমধ্যে যে চরিত্রটি আমার পছন্দ হয় আমি কেবল সেটাই গ্রহণ করি। আমি আমার এখনকার কাজগুলোকে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমি দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।’ এদিকে বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে মম অভিনীত ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার চতুষ্কোণ’। এছাড়া সাম্প্রতিক সময়ে এই জুটির সবচেয়ে দর্শকপ্রিয় আলোচিত নাটকের নাম শিহাব শাহীন পরিচালিত ‘নীল প্রজাপতি’। প্রথম চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এর সাফল্যের পর দীর্ঘদিন তাকে কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার রকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করব তোমার সাথে’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। লাভ-অ্যাকশন ঘরানার এই ছবিটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন মম ও মিলন। বর্তমানে এই ছবির শুটিং চলছে। এই ছবিতে নায়ক হিসেবে আরও আছেন জায়েদ খান এবং ছবিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পরম মম নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন। তাই ছবিটিকে ঘিরে তার মাঝে অনেক প্রত্যাশা। মম বলেন, ‘সবার দোয়া নিয়ে সবার আগ্রহেই মূলত আবারও নতুন একটি ছবিতে কাজ করছি। পরিচালকসহ ছবি সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশে শুধু এটুকুই বলব—আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন, আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত করবেন।’
