বলিউডে নতুন প্রজন্মের নায়ক-নায়িকার ভিড়ে সাম্প্রতিক সময়ে বেশকিছু সম্ভাবনাময় মুখ দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। তাদের মধ্যে আলিয়া ভাট এবং অর্জুন কাপুরের কথা বলা যায়। দর্শক-সমালোচক তাদের পারফর্মেন্সে আলোড়িত হয়েছেন। সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে চিহ্নিত হয়েছেন আলিয়া-অর্জুন দু’জনই। তারা দু’জনই চলচ্চিত্র পরিবারের সন্তান হিসেবে বলিউডে পা রাখলেও পারিবারিক ব্যানারের কোনো সিনেমায় এখনও অভিনয় করেননি। নতুন এই পর্দাজুটির সম্ভাবনা এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে যখন আলোচনা-কৌতূহল তুঙ্গে, নির্বাচনী ঢেউ যখন বলিউডেও এসে আছড়ে পড়ছে তখন জানা গেল—এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। নাহ, ভোটার হওয়ার মতো বয়স হয়েছে তার। গত মার্চে তিনি ২১-এ পা রেখেছেন। তারপরেও আলিয়া ভোটার হতে পারেননি। কারণ তিনি ভারতের নাগরিক নন, ব্রিটিশ নাগরিক হিসেবে ভারতে আছেন। ভারতীয় আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক একইসঙ্গে ভারতের নাগরিক হতে পারেন না। আলিয়া ভাট ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ভারতে অবস্থান করছেন সাধারণ মানুষের মতো। তার মা সোনি রাজদানও ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে সন্তান আলিয়া ভাটও ওখানকার নাগরিকত্ব পেয়েছেন। আলিয়ার বাবা প্রখ্যাত চিত্রনির্মাতা মহেশ ভাট; সত্ বড় বোন পূজা ভাট এক সময়ে হিন্দি সিনেমার নায়িকা ছিলেন, এখন ছবি পরিচালনা-প্রযোজনা করছেন; চাচা মুকেশ ভাট বলিউডের সুপ্রতিষ্ঠিত প্রযোজক। এ ছাড়াও চাচাতো ভাই-বোনদের অনেকেই বলিউডে প্রতিষ্ঠিত। এমন শক্তিশালী ফিল্মি পারিবারিক ব্যাকগ্র্যাউন্ড থাকলেও আলিয়া নিজেদের পারিবারিক ঘরানার কোনো সিনেমায় এখনও অভিনয় করেননি, নায়িকা হিসেবে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটেছে ভিন্ন এক ব্যানারের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে। করণ জোহরের মতো একজন সফল এবং জনপ্রিয় চিত্রনির্মাতা আলিয়াকে এ ছবিতে একক নায়িকা হিসেবে ব্রেক দিয়েছেন। অসংখ্য মেয়ের মধ্য থেকে আলিয়াকে তিনি তার ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেছিলেন। তখন আলিয়া স্কুলের গণ্ডি পেরিয়েছেন মাত্র। টিনএজ নায়িকা হিসেবে প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করেন তিনি। বিশেষ করে তার সপ্রতিভ প্রাণবন্ত স্মার্ট পর্দা উপস্থিতি সহজ সাবলীল অভিনয় তরুণ বয়সী দর্শকদের আচ্ছন্ন করেছে। অল্প কিছুদিন আগে তাকে আবার দেখা গেল ইমতিয়াজ আলি পরিচালিত ভিন্ন ধাঁচের রোমান্টিক থ্রিলার ছবি ‘হাইওয়ে’তে। ছবির সমালোচকরা সবাই এ ছবির প্রধান অভিনেত্রী আলিয়া ভাটকে পূর্ণ নম্বর দিয়েছেন। ছবিটি বক্স অফিস কাঁপানো সাফল্য না পেলেও সু-অভিনেত্রী হিসেবে আলিয়ার অবস্থানকে সুসংহত করেছে। সমসাময়িক নতুন প্রজন্মের অন্যান্য অভিনেত্রীরা দুই ছবি বয়সী আলিয়াকে সিরিয়াস প্রতিদ্বন্দ্বী ভেবে ঈর্ষা করতে শুরু করেছেন। আগামী সপ্তাহে আসছে তার অভিনীত তৃতীয় ছবি ‘টু স্টেটস’। জনপ্রিয় লেখক চেতন ভগতের বেস্ট সেলার উপন্যাস ‘টু স্টেটস’ অবলম্বনে নির্মিত এ ছবির গল্প ভারতের দুই ভিন্ন প্রদেশের দুই তরুণ-তরুণীর প্রেম ও পরিণয়ের ক্ষেত্রে সৃষ্ট সংস্কৃতি ও আচরণগত প্রতিকূলতাকে ঘিরে আবর্তিত হয়েছে। ভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট থেকে আসা এক জোড়া তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে পরস্পরের প্রেমে পড়ে। পড়াশোনা শেষে তার দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়। তখনই বিপত্তি বাঁধে। উভয়ের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক বৈসাদৃশ্য, বৈপরীত্য তাদের প্রেম ও পরিণয়ের পথে বিরাট বাঁধা হয়ে দাঁড়ায়। তবে সবকিছুর পর প্রেম-ভালোবাসার জয় হয়। ‘ইশ্কজাদে’, ‘আওরঙ্গজেব’, ‘গুন্ডে’র পর এবার অর্জুন কাপুর ‘টু স্টেটস ছবিতে আসছেন ভিন্ন এক গেটআপ ও লুক নিয়ে। আগের তিনটি ছবিতে তাকে ‘অ্যাংরি ইয়াংম্যান’ ইমেজে দেখা গেলেও এবার তাকে দেখা যাবে এক প্রেমিক যুবকের চরিত্রে। চশমা পরা হবু তরুণ লেখক হিসেবে নতুন এক লুক নিয়ে আসছেন ‘টু স্টেটস’ ছবিতে। আগের তিনটি ছবিতেই নিজের যোগ্যতা ও সম্ভাবনা প্রমাণ করেছেন অর্জুন কাপুর। প্রখ্যাত প্রযোজক বণি কাপুরের ছেলে সোনম কাপুরের চাচাতো ভাই অর্জুনকে এ পর্যন্ত তাদের নিজস্ব পারিবারিক বলয়ের কোনো সিনেমায় দেখা যায়নি। বিখ্যাত ব্যানার যশরাজ ফিল্মসের ছবি দিয়ে তার পথ চলা শুরু। গত তিনটি ছবিই ছিল ওই একই ব্যানারের। এবার অর্জুন একটি সাহিত্যনির্ভর ছবিতে অভিনয় করেছেন যেখানে তার অভিনীত চরিত্রটি চিরচেনা বাস্তব জীবন থেকে নেওয়া। যা তার জন্যও একটি বড় চ্যালেঞ্জ ছিল। নতুন প্রজন্মের আরেক আলোচিত সম্ভাবনাময়ী তন্বী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রথমবার পর্দা জুটি বেঁধে অভিনয় করলেও অর্জুন তার সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়ে কাজ করেছেন। কম সময়ের মধ্যে তাদের মধ্যে চমত্কার কেমিস্ট্রি জমে উঠেছে। আলিয়া-অর্জুনের এই মিষ্টি রসায়ন ‘টু স্টেটস’ ছবির বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হবে। অর্জুন কাপুরের সঙ্গে আলিয়ার বোঝাপড়াটা হয়েছে সবচেয়ে ভালো। যে কারণে এক উদ্দাম স্মার্ট আধুনিক ঝকঝকে তরুণ প্রেমিক-প্রেমিকা হিসেবে নিজেদেরকে পর্দায় বিশ্বাসযোগ্য এবং জীবন্ত করে তোলার ক্ষেত্রে তারা অনেকটাই সফল হয়েছেন। বলিউডের নতুন পর্দাজুটি হিসেবে আলিয়া-অর্জুন তাদের প্রথম ছবি ‘টু স্টেটস’-এ দারুণ ক্রেজ সৃষ্ট করবেন—ধারণা করা হচ্ছে। বলিউড বোদ্ধাদের প্রত্যাশা, ‘টু স্টেটস’ জনপ্রিয় রোমান্টিক পর্দাজুটি হিসেবে আলিয়া-অর্জুনকে নতুন পথ দেখাবে।
