আসছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরো সমগ্র বাঙালিদের মধ্যেই এক অন্যরকম উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবার মধ্যেই বাঙালি ঐতিহ্যের ভাব প্রকাশ পায়। তারকাদের মাঝেও থাকে বৈশাখী ছোঁয়া। তাদের পহেলা বৈশাখ যাপনের ভাবনা নিয়েই এবারের আয়োজন। লিখেছেন রবি হাসান
আরেফিন শুভ
পহেলা বৈশাখে সবারই কোনো না কোনো প্ল্যান থাকে। এখনই যে, আমার কোনো প্ল্যান আছে তা ঠিক নয়, তবে দেখা যায় পহেলা বৈশাখের আগের রাতে কিংবা বৈশাখের দিন সকালে হঠাত্ করেই বন্ধুরা ফোন দিয়ে নতুন প্ল্যান করে ফেলি। আর প্ল্যান তো সব বৈশাখের ঐতিহ্য কিংবা আমেজকে ঘিরেই। সেদিন অন্তত একটু মজা করে পান্তা আর ইলিশটা খেতে পারি।
জয়া আহসান
প্রতিটা বৈশাখই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা অধীর আগ্রহে এই দিনটির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করি। যখন পহেলা বৈশাখ আসে, সবার মধ্যেই সেই অপেক্ষার প্রহর শেষ হয় এবং উত্সবে মেতে উঠি। ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ হিসেবে হয়তো বৈশাখী রঙে চলা, বৈশাখী খাবার খাওয়ার চেয়ে বাড়তি কিছু করতে পারি না।
মাহফুজ
এবারে পহেলা বৈশাখে আমি সিঙ্গাপুর থাকছি। আগামী ১১ এপ্রিল আমি এবং আমার ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের পুরো টিম সিঙ্গাপুর যাচ্ছি শুটিংয়ে। সেখানে টানা শুটিং করব। বৈশাখের দিনটা বাংলাদেশে এবার পালন করতে পারছি না। আর বৈশাখী ভাবনা প্রসঙ্গে বলব যে, আমাদের বাঙালিদের ভাবনাই তো বৈশাখী।
চঞ্চল চৌধুরী
বাঙালি হিসেবে আর দশটা মানুষের মতো আমিও বৈশাখটাকে ঠিক তেমনভাবেই উপভোগ করি। বিশেষ করে পহেলা বৈশাখ দিনটাকে। এই একটা দিনই তো আমরা সবাই মিলে একই রঙে, একই আমেজে কাটাতে পারি। একই ময়দানে আমরা সবাই হাজির হই। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে একই দিনে যত ধরনের আয়োজন হয় সব আয়োজনই আমরা একসঙ্গে আনন্দ-ফুর্তিতে কাটাই।
তিশা
কাজের যে অবস্থা, হয়তো বৈশাখের দিনও শুটিং থাকবে। সমগ্র বাঙালি জাতির এত বড় আয়োজন, সবার জন্যই বেশ কাঙ্ক্ষিত ও আকর্ষণীয়। আমার বেলাতেও ব্যতিক্রম কিছু নয়। যেখানেই থাকি না কেন, বৈশাখে আমেজেই থাকব। সেদিন হয়তো শুটিং ইউনিটে পান্তা-ইলিশ খাওয়ার সুযোগ পাব। সবার সাথে তাল মিলিয়ে রঙিন পোশাক পরব। তবে আমি মনে করি, শুধু একদিন নয়, প্রতিটি দিনই বাঙালি সত্তাকে নিজের মধ্যে ধারণ করে চলা উচিত সবার। এই একটি দিন সবাই একই আনন্দে মেতে উঠি, একই রঙে ঘুরতে বের হই।
