ভালোবাসার চতুষ্কোণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৯
বেসরকারি চ্যানেল এনটিভিতে সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বী। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—অপূর্ব, মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, বকুল প্রমুখ। মূলত তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প। ঘটনা অথবা চরিত্রের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত এই তিনটি গল্প পাশাপাশি চলতে থাকে। চতুর্ভুজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে পরস্পরের সাথে গাঁথা—নিয়তি দিয়ে, যা চতুর্ভুজের অপর কোনে থেকে বদলে দেয়, দূরে ঠেলে দেয়, আবার কাছে নিয়ে আসে ভালোবাসার সুতোয় গাঁথা মানুষদের। নাটক প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’ প্রচার হয় প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।