হোলসিমের সঙ্গে একীভূত হওয়ায় লাফার্জ সিমেন্ট ঘিরে বড় লেনদেন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:২৪
সুইজারল্যান্ডের হোলসিম সিমেন্টের সঙ্গে ফ্রান্সের লাফার্জ সুরমা সিমেন্টের একীভূত হওয়ার খবরে দেশের শেয়ারবাজারে লাফার্জের শেয়ার দর ও লেনদেন বেড়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৫০০টি শেয়ার ৭৭ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া গত সাত কার্যদিবস ধরে এ কোম্পানি লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার হোলসিম ও লাফার্জ সুরমা সিমেন্টের একীভূত হওয়ার বিষয়ে উভয় কোম্পানি সমঝোতায় পৌঁছায়। একীভূত হোলসিম-লাফার্জ কর্তৃপক্ষ বিশ্বজুড়ে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বাজার দখলের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করে। এরপর থেকে বিশ্বজুড়ে লাফার্জের শেয়ার দর বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও শেয়ারদর বাড়ছে। গতকাল লাফার্জ সুরমার শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৬ টাকা বা সাড়ে ৪ শতাংশ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বাজারে যে লেনদেন হয়েছে তার ৪১ ভাগই হয়েছে লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা ও গ্রামীণফোন কেন্দ্র করে। আর লাফার্জ সুরমায় অনেক লেনদেন হওয়ায় সিমেন্ট খাতের লেনদেন হয়েছে ১০৪ কোটি ৬৬ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২০ ভাগ। আর স্কয়ার ফার্মার লেনদেন বাড়ায় ফার্মাসিউটিক্যালস খাতেরও লেনদেন বেড়েছে। এ খাতে লেনদেন হয়েছে ১২৫ কোটি ৫১ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৪ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ১৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।