ব্যবসায়ীদের প্রণোদনা প্রদানে রিটার্ন ও জনকল্যাণের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রণোদনা খুব সতর্কভাবে দিতে হবে। বিশেষত রিটার্ন কী পাওয়া যাবে এবং জনকল্যাণমূলক হচ্ছে কি না —সেটা বিবেচনায় নিতে হবে। কারণ প্রণোদনার অর্থ আকাশ থেকে পড়ে না, কাউকে না কাউকে এ অর্থের যোগান দিতে হয়। প্রণোদনা না পাওয়ার কারণে অনেক খাত ভুগছে।
গতকাল বুধবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। ভ্যাট ব্যবস্থা অপার সম্ভাবনাময় বলেও মত দেন তিনি।
আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা সভপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলা ফোনের পরিচালক লুত্ফুন্নেছা সৌদিয়া খানসহ সংগঠনের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রণোদনা, ভর্তুকী, ট্যাক্স হলিডে সুবিধা এগুলো সবই স্বীকৃত বিষয়। তবে এগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে।
প্রাক-বাজেট আলোচনায় আইবিএফবি’র পক্ষ থেকে গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে ব্যবসায়ীদের ক্ষতি ও লোকসান পুষিয়ে নিতে বাজেটে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশীয় শিল্প রক্ষায়ও ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়া এক বছরের ব্যাংক ঋণের সুদ মওকুফ, ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনা, কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান, নতুন উদ্যোক্তাদের জন্য ট্যাক্স হলিডে সুবিধা প্রদান কিংবা প্রথম ৫ বছর ফ্ল্যাট রেটে ট্যাক্স আদায়, পর্যটন খাতে সুযোগ-সুবিধা বাড়ানোসহ ১৩ দফা দাবি জানানো হয়।
