নারীর বেতন বৈষম্য কমাতে ওবামার নির্বাহী আদেশ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৩৯
যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষের মধ্যে বেতন বৈষম্য কমাতে মঙ্গলবার দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন এ আদেশের ফলে যেসব নারী বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা তাদের কম বেতন প্রাপ্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। ওবামার নির্বাহী আদেশগুলো দেশটির কেন্দ্রীয় ঠিকাদারদের অন্তর্ভুক্ত করবে যা যুক্তরাষ্ট্রের মোট শ্রমশক্তির চারভাগের এক ভাগ। মঙ্গলবার সই করা একটি নির্দেশনামায় বেতন নিয়ে আলোচনার জন্য কর্মীদের বিরুদ্ধে ঠিকাদারদের ব্যবস্থা গ্রহণে বাধা দেয়ার বিষয় রয়েছে। এতে নারী-পুরুষের সমান বেতন নিশ্চিত করতেও কেন্দ্রীয় ঠিকাদারদের ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আরেকটি নির্দেশনায় জাতিগত কিংবা জেন্ডার বৈষম্যদের ক্ষতিপূরণের তথ্য দিতেও নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে ঐসব ঠিকাদারকে বর্ণ এবং লিঙ্গ অনুসারে ক্ষতিপূরণের তথ্য শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হবে। নারীদের বেতন বৈষম্য দূর করতে রিপাবলিকানদের নেতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বারাক ওবামা বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, আমেরিকায় নারীদের বেশিরভাগই পুরুষের সমান কাজ করে ৭৭ শতাংশ বেতন পায়। এতদিন রিপাবলিকানদের বিরোধিতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এটা আর মেনে নেয়া হবে না। উল্লেখ্য, ২০১০ এবং ২০১২ সালে কংগ্রেসের উচ্চ কক্ষে উত্থাপিত বিল পাস হতে দেয়নি রিপাবলিকানরা। রিপাবলিকানরা যুক্তি দিয়েছিল, এই ধরনের পদক্ষেপ নারীদের মেধানুযায়ী বেতন এবং চাকরির সহজলভ্যতার অন্তরায়।