ভয়াবহ ঘূর্ণিঝড়ের পুনর্গঠন কার্যক্রমের মধ্যে থাকা ফিলিপাইনের ঋণ মওকুফ করে দেশটিকে নতুন ঋণ দেয়ার পরিবর্তে ত্রাণ সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক ঋণদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। পাঁচমাস আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘূর্ণিঝড় হাইয়ানের প্রচণ্ড আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাইয়ান ছিল বিশ্বের স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৮ বিলিয়ন ইউএস ডলার বাজেটের পুনর্গঠন উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু এই বাজেট প্রাক্কলিত ব্যয় ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ২০১৩ সালের শেষ নাগাদ ৫৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।
