কাঠগড়ায় ৯ মাসের শিশু!
হত্যা পরিকল্পনা, পুলিশকে পাথর ছুঁড়ে মারা এমন কি রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার মতো গুরুতর অপরাধের অভিযোগে পাকিস্তানে নয় মাস বয়সী এক শিশুকে আদালতে হাজির হতে হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় বিচারক শিশু মোহাম্মদ মুসা খানকে আপাতত জামিন দিলেও এখতিয়ার না থাকায় পুরোপুরি খালাস দেয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটেনের ‘দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা’। শিশু মুসার সঙ্গে তার বাবা ও দাদাসহ পরিবারের আরো ২৯ জন সদস্যকেও একই মামলার আসামি করা হয়েছে। —রয়টার্স
ফ্রান্সের বাজেট ঘাটতি
জার্মানি আগামী বছরই ঋণ নেয়া বন্ধ করার তোড়জোড় করছে, কিন্তু ফ্রান্স বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা শিথিল করার ডাক দিচ্ছে। ইউরো এলাকার প্রবৃদ্ধির ধীরগতির পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা যুক্তি। জার্মানি আগামী বছরই নতুন করে কোনো ঋণ না নেয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে। যদিও ইউক্রেনের চলমান সংকটের ফলে সেই পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন খোদ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে। এদিকে ফ্রান্সের নতুন অর্থমন্ত্রী ইউরো এলাকার বাজেট ঘাটতির নিয়ম শিথিল করার পক্ষে আলোচনা করেছেন। কিন্তু জার্মান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন। —এএফপি
