চাটমোহর হাই স্কুলে শিক্ষকদের মারামারি তদন্তে কমিটি গঠন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১১
প্রাকটিক্যাল পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে গত সোমবার চাটমোহর আরসিএন এন্ড বিএসএন হাই স্কুলে ভোকেশনাল শাখার দুই শিক্ষক মাহাতাব হোসেন ও মজনুর রহমানের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষকই আহত হন। এর জের ধরে গত মঙ্গলবার শিক্ষক মাহাতাব হোসেনের বহিরাগত সমর্থকরা অপর শিক্ষক মজনুর রহমানকে প্রচণ্ড মারপিট করে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির জরুরি সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় দুই শিক্ষক মাহাতাব হোসেন ও মজনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সভায় কমিটির দাতা সদস্য সাইফুল ইসলামকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এ ব্যাপারে কথা বলতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মির্জা রেজাউল করিম দুলালের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে জানান। অভিভাবক সদস্য মোঃ জার্দিস হোসেন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে বসা হয়েছে এবং অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।