কুমিল্লায় ‘র্যাব পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণের পর টাকা আদায়

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১১
কুমিল্লায় ‘র্যাব পরিচয়ে’ হুমায়ুন কবীর (৬৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন রেখে দিয়ে মহাসড়কে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। অপহূত হুমায়ুন কবীরের পুত্র আল আমীন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে র্যাবের পোশাক পরা ৮ জন লোক ইলিয়টগঞ্জ বাজারে গিয়ে ওই বাজারের ব্যবসায়ী, জেলার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাসিন্দা ও ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীরকে ভয়ভীতি প্রদর্শন করে একটি মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে কুমিল্লার পথে নিয়ে যায় । হুমায়ুন কবীর জানান, র্যাবের পোশাক পরে তারা আমাকে মাইক্রোবাসে তোলার পর চোখ বেঁধে মারধর করে আমার সাথে থাকা নগদ ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। এ বিষয়ে র্যাব-১১ কুমিল্লার কমান্ডিং অফিসার মেজর শাহেদ হাসান রাজিব জানান, এ ঘটনার সাথে র্যাব-১১ এর কোন সম্পৃক্ততা নেই।