আদালতের নির্দেশে দেড় বছর পর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমানের উপস্থিতিতে কসবা উপজেলার সৈয়দাবাদ দক্ষিণপাড়া কবরস্থান থেকে সেনাবাহিনীর নায়েক (অব:) মো.শওকত হোসেন খান (৪৪)-এর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত গোলাপ খানের ছেলে ৩ সন্তানের জনক সেনাবাহিনীর নায়েক (অব:) মো. শওকত হোসেন খান চাকরিতে থাকাকালীন সময়ে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার দোয়াজীপাড়া শ্বশুর বাড়ির পার্শ্বে আমিরাবাদ গ্রামে ১০ শতক বাড়ির জায়গা ক্রয় করে।
সম্পত্তির লোভে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে ২০১২ইং সালের ৮ অক্টোবর তাকে হত্যা করে ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়ি সৈয়দাবাদে দাফন করা হয়। একই উদ্দেশ্যে ঘটনার ২মাস পর তার স্ত্রী রাবেয়া বেগমকেও হত্যা করা হয়। এ ঘটনার ৩মাস পর ২৯ মার্চ ভিকটিমের বড় ভাই মো. ইকবাল হোসেন খান বাদী হয়ে নিহতের স্ত্রীর বড় ভাই মো. আবুল কাসেমসহ ৫ জনকে আসামি করে সীতাকুন্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
