দিনাজপুরে পুলিশের অভিযান ডাকাত সর্দার গুলিবিদ্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৩
সোমবার রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কে টহলরত পুলিশের উপর আক্রমণ করে অস্ত্র এবং মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার সময় জেলা ডাকাত দলের সর্দার আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়েছে। ২ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪টি সামুরাইসহ ৮টি ধারাল অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহূত দড়ি। দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার বাঁশেরহাট ব্র্যাক নার্সারির আমবাগানের সামনে জেলা ডাকাত দলের সর্দার আব্দুল খালেকের নেতৃত্বে ১০/১২ জন ডাকাত অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে দড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় খবর পেয়ে পুলিশ সেখানে যান। এসময় ডাকাতদল পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ শটগানের ৪ রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে ডাকাত দলের সর্দার সদর উপজেলার বড়ইল গ্রামের মৃত আফাজউদ্দীনের পুত্র আব্দুল খালেক (২৮) ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান, ডাকাত খালেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও রাহাজানিসহ অন্যান্য অপরাধে ১১টি মামলা রয়েছে।