কয়েক স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ডোমারে ৭টি বাড়ি ভস্মীভূত
নীলফামারী ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের সবকিছু ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি তিস্তাপাড়া গ্রামের নুর আলমের গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে মশা তাড়াতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ইউনুস আলী, ছামসুল হক, আশিদুল, আশরাফ, ওহিদুল, জলেখা ও নুর আলমসহ ৭টি পরিবারের ২১টি ঘর, নগদ টাকা, ৬টি ছাগল, হাঁস-মুরগি, রিকশাভ্যান, ধান-চাল ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
গৌরনদী প্রতিবন্ধির বাড়িতে অগ্নিসংযোগ
বরিশালের গৌরনদী উপজেলার চর কুতুবপুর গ্রামে মঙ্গলবার রাতে ফিরোজা বেগম নামের এক প্রতিবন্ধীর বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চর কুতুবপুর গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী কুদ্দুস আকনের স্ত্রী প্রতিবন্ধী ফিরোজা বেগম তার পৈতৃক বাড়িতে ঘরবাড়ি তৈরি করে দীর্ঘদিন যাবত্ বসবাস করতেন। কুদ্দুস ঢাকায় ফেরিওয়ালার কাজ করেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে মালামালসহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রায়পুরায় ৪টি দোকান ভস্মীভূত
নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্মের মেডিসিন, পোল্ট্রি খাবারের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ৪টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে টিনশেড দোকানঘরসহ অন্তত ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিঠাপুকুর এগ্রোফিড ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ড
রংপুরের মিঠাপুকুরে নসিব এগ্রোফিড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাতে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় নসিব এগ্রোফিড ইন্ডাস্ট্রিজ লিঃ কোম্পানিতে মঙ্গলবার রাতে কোম্পানির একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে প্রায় ৩২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
