গত দু’দিনে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা।
মাধবপুরে ২ পথচারী নিহত
হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত মঙ্গলবার বিকালে মহাসড়ক পার হতে গিয়ে সিলেটগামী মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতনামা ২ পথচারী মারা গেছেন। তাদের একজন ৮ বছর বয়সী মেয়ে শিশু অপরজন ৬০ বছর বয়সী পুরুষ।
টঙ্গীতে অজ্ঞাত শ্রমিকের মৃত্যু
টঙ্গীর আউচপাড়া এলাকায় গত মঙ্গলবার বিকেলে পিকআপ ভ্যানে থাই গ্লাস লোড-আনলোডের সময় গ্লাস চাপা পড়ে অজ্ঞাত (২৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ভাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
গত মঙ্গলবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে বালতির পানিতে ডুবে কৃষক বাবুল মিয়ার ১ বছরের শিশু মারা গেছে।
সাতক্ষীরায় পানিতে ডুবে একজনের মৃত্যু
সাতক্ষীরায় পুুকুরের পানিতে ডুবে মঙ্গলবার সকাল ১০টার দিকে খলিলুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বাটকেখালি গ্রামের মৃত ইদু সরদারের ছেলে।
কুমারখালিতে করিমন উল্টে চালক নিহত
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে আলু বোঝাই করিমন উল্টে খাদে পড়ে চালক ইউনুস আলী (২৯) নিহত হয়েছেন। ইউনুস আলী চরমহেন্দ্রপুর গ্রামের ইমান আলীর ছেলে।
ডিমলায় বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু
নীলফামারীর ডিমলায় বুধবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের সহিদার রহমানের স্ত্রী ২ সন্তানের জননী বিলকিস বেগম (৩০) নিজ বাড়িতেই মারা গেছেন।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়া মসজিদের সামনে বুধবার দুপুরে ঢাকাগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিক্সাচালক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার কদ্দুস মিয়া (৫০) নিহত হন। আহত হন সোনাখালী গ্রামের সিএনজি চালক আনোয়ার হোসেন (৩০), রিক্সাযাত্রী মাস্টারবাড়ী এলাকার ফজলুল ইসলাম (৪৫), শেরপুরের ব্যবসায়ী মহিউদ্দিন (৩২)।
নবীগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শান্তা চৌধুরী (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার জনতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শান্তা নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের লিটন চৌধুরীর মেয়ে। সে স্থানীয় গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
মুরাদনগরে ট্রাক্টর চাপায়
শিক্ষক নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় গত বুধবার সকাল সাড়ে ৯টায় বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় নুরুজ্জামান (৫২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক নুরুজ্জামান হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক ছলিনে। তার বাড়ি হোমনা উপজেলায়।
