১৯৭১ সালে কুষ্টিয়া জেলার মুজিবনগর ছিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী। এ জেলার রয়েছে গর্ব করে বলার মতো সাংস্কৃতিক ঐতিহ্য। অথচ এ জেলায় বাংলাদেশ বেতারের কেন্দ্র নেই। বিভাগীয় শহর খুলনাতে একটি কেন্দ্র রয়েছে, খুলনা কেন্দ্রের অনুষ্ঠান মোটামুটি শোনা গেলেও রাজশাহী বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনা যায় একেবারেই অস্পষ্ট। এখানে বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করলে বৃহত্তর কুষ্টিয়া ও এর আশপাশের জেলা থেকে বহু প্রতিভা তৈরি হবে এবং এছাড়া ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার মানুষ বাংলাদেশের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। মোহাম্মদ আবদুল জব্বার, ফরিদা পারভীন, এস আই টুটুলসহ অসংখ্য গুণী শিল্পীর বাড়ি এই কুষ্টিয়া জেলায়। সাহিত্যিক মীর মশাররফ হোসেন, বাউল সম্রাট ফকির লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এ জেলা। অথচ এখানে বেতার কেন্দ্র নেই ভাবতে অবাক লাগে! সুতরাং কুষ্টিয়াতে বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করে এ অঞ্চলের মানুষের বহুদিনের আশা পূরণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোশতাক মেহেদী,
ডি/৩৯৩ সোনার তরী, হাউজিং এস্টেট, কুষ্টিয়া
